আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সৌদি আরবের আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় শেইখ আলী আল-হুযাইফিকে, গত সপ্তাহের জুমআর খোতবায় শিয়াদের প্রতি অবমাননার অভিযোগে মসজিদে নববী (স.) এর ইমামতির পদ হতে বরখাস্ত করেছে।
মসজিদে নববী (স.) এর খতিব শেইখ আলী আল-হুযাইফি গত শুক্রবারের জুমআর খোতবায় অবমাননাকর এক মন্তব্যে শিয়াদেরকে রাফেজী বলে আখ্যায়িত করে তাদেরকে কাফের এবং আল্লাহর দ্বীন বহির্ভূত বলে আখ্যায়িত করে বলেছিল : আহলে বাইত (আ.) ও সাহাবাগণ শিয়াদের আকিদা হতে অসন্তুষ্ট ছিলেন।
শেইখ আলী আল-হুযাইফি তার খোতবার অপর অংশে, সৌদি আরবের আল-আওয়ামিয়া শহরের যুবকদের বিক্ষোভের প্রতি ইশারা করে বলেছিল : ঐ যুবকদের নাগরিকত্ব কেড়ে নেয়া উচিত। কেননা তারা ফ্যাসাদ সৃষ্টিকারী ও অপছন্দনীয় কাজে লিপ্ত হয়েছে।
এ ঘটনার প্রতিক্রিয়ায় সৌদি আরবের বিশিষ্ট শিয়া নেতা ও কাতিফ মসজিদের খতিব শেইখ হাসান সাফফারসহ এদেশের শিয়া ওলামা, ব্যক্তিবর্গ, লেখকসমাজসহ অন্যান্য শ্রেনীর লোকেরা শিয়াদের উপর অবমাননার নিন্দা জানিয়েছেন। শেইখ হাসান সাফফার মসজিদে নববী (স.) এর খতিবের অবমাননাকর মন্তব্যের জবাবে বলেন : ওয়াহাবী ওলামারা মাযহাবগত ও সাম্প্রদায়িক ফেতনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
সৌদি আরবের শিয়া নেতারা বলেন : কিছু কিছু লোক আল-আওমিয়া অঞ্চলের গণ বিক্ষোভকে মাযহাবগত ও সাম্প্রদায়িকতার নামে অপব্যবহার করার অপচেষ্টা চালাচ্ছে। তারা শিয়াদেরকে নিজেদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অপচেষ্টায়রত, আর এটা সৌদি আরবের স্বার্থ পরিপন্থী।
তিনি শেইখ আল-হুযাইফি ও অপর ওয়াহাবী খতিবদের উদ্দেশ্যে বলেন : শিয়ারা যে সকল অঞ্চলে বসবাস করে সে সকল অঞ্চলে তারা কেন জামাতের সাথে নামায আদায় হতে বঞ্চিত? যখন মসজিদুল হারামে শিয়াদেরকে অপমান করা হয় তখন কেন অপমানকারীর সমালোচনা ও নিন্দা জানানো হয় না? যদি একজন শিয়া মারা যায় তবে কেন তার নিজ বাসস্থানে তাকে দাফন করতে দেয়া হয় না? কেন শিয়াদেরকে সরকারী কাজে নিয়োগ দেয়া হতে বঞ্চিত করা হয়? কেন শিয়াদের জানাযা হযরত মুহাম্মাদ (স.) এর মাযার অভ্যন্তরে প্রবেশ করানোর অনুমতি দেয়া হয় না? আমরা এটা ভুলিনি যে, তারা মদিনা মুনাওয়ারার শিয়া নেতা মরহুম আয়াতুল্লাহ শেইখ আল-আমরি জানাযার নামায মসজিদুল হারামে পড়ার অনুমতি দেয়নি।#